Top News

চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলার ৫ দিনব্যাপী আয়োজন

 

নিউজ ডেস্ক :

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসব আজ শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

যেখানে গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনায় মুখর থাকবে শিল্পকলা প্রাঙ্গণ। উৎসবের আজ বেলা ৩টায় উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। একই দিনে জাতীয় চিত্রশালায় লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

উদ্বোধনী সাংস্কৃতিক পর্বে অর্কেস্ট্রা, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠসহ বিভিন্ন লোকজ পরিবেশনা থাকবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য এবং যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ মঞ্চস্থ হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এদিন শতকণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের পাশাপাশি কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল গানের আসর বসবে। বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

তৃতীয় ও চতুর্থ দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, নৃত্য এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনী দর্শক আকর্ষণ করবে। চতুর্থ দিনে ‘জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব’ শীর্ষক পরিবেশনা এবং সন্ধ্যা ৭টায় পুতুলনাট্য ‘বাছেরের বিয়ে’ মঞ্চস্থ হবে।

১৭ এপ্রিল সমাপনী দিনে নৃত্য পরিবেশনার মাধ্যমে ‘এসো হে বৈশাখ’ উপস্থাপনের পাশাপাশি লোকসংগীত, ভাওয়াইয়া, বাউল ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়া চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’ প্রদর্শন করা হবে। আয়োজনজুড়ে শিল্পকলা প্রাঙ্গণে চলবে বৈশাখী মেলা, যেখানে থাকবে গ্রামীণ খেলাধুলা, হস্তশিল্প ও লোকজ পণ্যের সমাহার।

আয়োজকরা জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত এ উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য উদ্যোগ।

Post a Comment

Previous Post Next Post